|
Written by Administrator
|
|
Tuesday, 16 December 2008 23:39 |
বিখ্যাত সাহিত্যিক এবং 'আনন্দ বাজার' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফুল্ল কুমার সরকার ১৮৮৪ সালে কুমারখালী শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম প্রসন্ন কুমার সরকার।
প্রফুল্ল কুমার সরকার কুমারখালী মথুরানাথ হাই স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতায় প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন। তিনি ১৯০৫ সালে বি. এ. এবং ১৯০৭ সালে বি. এল. পাস করে কলকাতায় আইন ব্যবসা আরম্ভ করেন। কিছুদিন পর চাকুরী ছেড়ে দিয়ে উড়িষ্যার চেন-কানাল রাজপরিবারের দেওয়ান পদ প্রহণ করেন। ১৯১২ সালের দিকে উক্ত চাকুরী ছেড়ে কলকাতায় চলে আসেন। স্বাধীনতা সংগ্রাম জোরদার করার মানসে বন্ধু সুরেশচন্দ্র মজুমদারের সহযোগিতায় ১৯১২ সালে তিনি কলকাতা থেকে 'দৈনিক আনন্দ বাজার' পত্রিকা বের করেন (১৩ই মার্চ, ১৯১২ সালে প্রথম সংখ্যা প্রকাশিত)। বৃটিশ শাসনের শৃঙ্খল মোচনে আনন্দ বাজার পত্রিকার এই নির্ভীক সম্পাদকের অবদান শ্রদ্ধার সংগে স্মরণ করতে হবে। তিনি বিপ্লবীদের সমর্থন করেন এবং বাঘা যতীনের প্রতি বৃটিশ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কারাদণ্ড ভোগ করেন।
প্রফুল্ল কুমার সরকার একজন সুসাহিত্যিক ছিলেন। তিনি কয়েকখানি উপন্যাস লিখেছিলেন যথাঃ অনাগত, বিদ্যুত লেখা ও লোকারন্য। এছাড়া আনন্দ বাজার পত্রিকায় তিনি নিয়মিত যে সকল সম্পাদকীয় লিখেছিলেন তারও ঐতিহাসিক মূল্য রয়েছে। প্রফুল্ল কুমার সরকারের পুত্র অশোক কুমার সরকারের সুযোগ্য সম্পাদনায় 'আনন্দ বাজার' বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় পত্রিকার মর্যাদা লাভ করেছে।
তথ্য সুত্রঃ
কুষ্টিয়ার ইতিহাস
শ. ম. শওকত আলী |
|
Last Updated on Sunday, 22 August 2010 19:06 |