দীর্ঘ ২২ বছর পর নতুন নামে চালু হচ্ছে কুষ্টিয়ার মোহিনী মিল PDF Print E-mail
Written by Administrator   
Monday, 21 December 2009 00:56

Image

দীর্ঘ ২২ বছর পর কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল আবারও চালু হতে যাচ্ছে। পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস করপোরেশন (পিডিএসসি) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে মিলটি এবার মেসার্স শাহ্ মখদুম টেক্সটাইল মিলস নামে চালু হবে। আগামী এক মাসের মধ্যে এ মিলের নতুন ইউনিটের উত্পাদন শুরু করা হবে বলে পিডিএসসি লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহমান সাংবাদিকদের জানান।

ব্যাংকের দেনা ও মামলাসংক্রান্ত জটিলতাসহ বিদ্যমান বিভিন্ন সমস্যার অবসান ঘটিয়ে নতুন উদ্যমে মিলটি চালু হচ্ছে। সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মিলের বর্তমান মালিক পক্ষের কাছে এর চাবি হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া জেলার সর্বমহল মিলটি চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। মিলটি পুনরায় চালু হচ্ছে জেনে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যেও আনন্দের বন্যা বইতে শুরু করেছে।

চাবি হস্তান্তর উপলক্ষে মিলের অভ্যন্তরে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন পিডিএসসির চেয়ারম্যান আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আসগর আলী, লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, সাংবাদিক আখতার হোসেন ফিরোজ, আনোয়ার হোসেন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মতিউর রহমান সরকারের পক্ষে এবং পিডিএসসির চেয়ারম্যান আবদুর রহমান ও শাহ্ মখদুম টেক্সটাইল মিলসের চেয়ারম্যান জয়নাল আবেদীন একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, ১৯০৮ সালে মোহিনী মোহন চক্রবর্তী শহরের মিলপাড়ায় ৩৩ একর জায়গার ওপর এ মিল স্থাপন করেন। স্বাধীনতার পর মিলটি জাতীয়করণ করা হয়। তখন থেকেই বস্ত্রকলটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। অব্যাহত লোকসানের মুখে ১৯৮২ সালের ৫ ফেব্রুয়ারি মিলটি বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তী সময়ে বেসরকারি উদ্যোগে আবার চালু করা হলেও ১৯৯০ সালে মিলটি আবার বন্ধ ঘোষণা করা হয়।

মিলের কারিগরি পরিচালক মাহবুব ইসলাম জানান, অগ্রাধিকার ভিত্তিতে এ মিলে পুরোনো শ্রমিক-কর্মচারীদের চাকরিতে বহাল করা হবে।



Resource: http://www.prothom-alo.com/detail/date/2009-12-21/news/26634

Last Updated on Sunday, 22 August 2010 18:41